“বর্ষার দাপট অব্যাহত!”-দক্ষিণবঙ্গে কবে কাটবে দুর্যোগ? জেনেনিন আপডেট

রাজ্যজুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমার বদলে তা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার হালচাল বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে; বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবারও এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া অফিসের মতে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কমার কোনো লক্ষণ নেই। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস নামা এবং নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়ার মতো বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শহর কলকাতার তাপমাত্রা বুধবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা বাড়বে না।
আবহাওয়ার এই খামখেয়ালি পরিস্থিতিতে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।