বড় ধাক্কা রাজ্যের! কমিশনের অফিসার বদলিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, খারিজ মামলা

জাতীয় নির্বাচন কমিশনের আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসার বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রাজ্যের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আধিকারিকদের এই রদ বদলে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

আদালতের ১২ দফা পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে যে, সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী কমিশনের ব্যাপক ক্ষমতা রয়েছে। নির্বাচনের সময় অফিসারদের কেন বদলি করা হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করতে কমিশন আইনত বাধ্য নয়। প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানায়, বদলি চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সিদ্ধান্তের ফলে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে বা প্রশাসন ভেঙে পড়ছে— এমন কোনও প্রমাণ মামলাকারী দিতে পারেননি। এমনকি, এই বদলির পিছনে কোনও রাজনৈতিক যোগসাজশের অভিযোগও ধোপে টেকেনি। ফলে কমিশনের প্রশাসনিক সিদ্ধান্তে আইনি সিলমোহর দিল হাইকোর্ট। তবে কোনও আধিকারিক ব্যক্তিগতভাবে এই বদলিতে ক্ষতিগ্রস্ত বোধ করলে তিনি আলাদাভাবে মামলা করার সুযোগ পাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy