বকেয়া ডিএ নিয়ে নবান্নের মেগা প্ল্যান! সরকারি কর্মীদের জন্য এল বিরাট সুখবর?

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ (DA) নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন মেটাতে এবার বড়সড় পদক্ষেপ করল নবান্ন। প্রশাসনিক স্তরে বকেয়া ডিএ-র জট কাটাতে সোমবার একটি জরুরি নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, শিক্ষাকর্মী এবং এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদেরও বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।
নবান্ন সূত্রের খবর, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়কালের মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণের (DR) নিখুঁত হিসাব চূড়ান্ত করতে চাইছে অর্থ দফতর। বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের স্পষ্ট জানানো হয়েছে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন, ভাতা এবং পেনশনের যাবতীয় তথ্য এমএস-এক্সেল (MS-Excel) ফরম্যাটে দ্রুত জমা দিতে হবে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিও-র মাধ্যমে সার্ভিস বুক যাচাই করে এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন এবং আইনি লড়াইয়ের আবহে রাজ্য সরকারের এই ডেটাবেস তৈরির সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষা মহলের ধারণা, প্রকৃত বকেয়া নির্ধারণ করতেই এই নির্দিষ্ট সময়কালকে বেছে নেওয়া হয়েছে। এই তথ্যভাণ্ডার জমা পড়ার পরেই ডিএ প্রদান নিয়ে রাজ্য অর্থ দফতর চূড়ান্ত কোনও ঘোষণা বা পরবর্তী পদক্ষেপ করতে পারে, যা কয়েক লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফোটাতে পারে।