ফের মুখ থুবড়ে পড়ল ল্যাম্বরগিনি! মুম্বইয়ের কোস্টাল রোডে ভয়াবহ দুর্ঘটনা, উঠছে চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন

মুম্বইয়ের কোস্টাল রোডে আবারও একটি বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। তবে চালক অক্ষত রয়েছেন।

পুলিশের প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটির চালক ৫২ বছর বয়সী অতীশ শাহ কোলাবার দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎই গাড়িটি পিছলে গিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে। সিনিয়র পুলিশ অফিসার অরবিন্দ পাতিল জানান, অতীশ শাহ সামান্য আহতও হননি।

এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে একই জায়গায় একটি ল্যাম্বরগিনি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। পর পর এই ধরনের দুর্ঘটনা দেখে শিল্পপতি ও গাড়িপ্রেমী গৌতম সিংহানিয়া সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আরেক দিন, আরেকটি ল্যাম্বরগিনি দুর্ঘটনা… এই গাড়িগুলির কি ট্র্যাকশন নেই? আগুন লাগা থেকে শুরু করে নিয়ন্ত্রণ হারানো – ল্যাম্বরগিনির কী হচ্ছে?”

এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে, পথচারীদের জীবনের কি কোনো মূল্য নেই? কোটি টাকার এই গাড়িগুলোর নিরাপত্তার মান এবং চালকদের দক্ষতার বিষয়েও প্রশ্ন উঠছে।