ফের বঙ্গে আসছেন অমিত শাহ! ১৮ জুলাই হাওড়ায় আমূলের দই কারখানা উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলায় পরিবর্তনের আবহে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বের সফর অব্যাহত। আগামী ১৮ জুলাই ফের দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার তাঁর এই বঙ্গ সফর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এই সফরের প্রধান আকর্ষণ হলো হাওড়ার সাঁকরাইলে আমূল (Amul)-এর নতুন দই উৎপাদন কারখানার উদ্বোধন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রশাসনের দাবি, এই কারখানাটি চালু হলে স্থানীয় স্তরে প্রচুর কর্মসংস্থান হবে এবং এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ও উপস্থিত থাকতে পারেন।
সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৯ জুলাই অমিত শাহ মূলত দলের সাংগঠনিক কাজে সময় দেবেন। রাজ্যে বিজেপির সরকার গঠনের পর দলের পরবর্তী কর্মপন্থা এবং সাংগঠনিক রূপরেখা নিয়ে রাজ্য নেতৃত্ব ও শীর্ষ নেতাদের সঙ্গে তিনি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে খবর। এছাড়া এদিন বিকেলে দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গেও পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সাংগঠনিক বৈঠক সেরে ১৯ জুলাই বিকেলেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়নের গতি ত্বরান্বিত করা এবং বঙ্গে শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তাই এই সফরের মূল লক্ষ্য বলে রাজনৈতিক মহলের ধারণা।