ফল বেরোনোর আগেই ফালাকাটায় ‘গেরুয়া’ সুনামি! বাজারে সবুজের চেয়ে কয়েকগুণ বেশি বিকোচ্ছে গেরুয়া আবীর

ভোটের ফল ঘোষণা হতে এখনও দেরি, কিন্তু উত্তরবঙ্গের ফালাকাটা বাজারের ছবিটা যেন এক আগাম ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ফালাকাটা ও পার্শ্ববর্তী এলাকার আবীরের দোকানে দোকানে উপচে পড়া ভিড়। আশ্চর্যজনকভাবে, বাজারে সবুজ আবীরের চাহিদা থাকলেও বিক্রির দৌড়ে কয়েক গোল দিচ্ছে গেরুয়া আবীর। ব্যবসায়ীদের দাবি, এবার গেরুয়া রঙের আবীর যে হারে বিক্রি হচ্ছে, তা গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

ফালাকাটা বাজারের এক পাইকারি বিক্রেতা জানান, “আমরা দুই রঙেরই স্টক রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গেরুয়া আবীরের চাহিদাই সবচেয়ে বেশি। অনেকেই বস্তা ভরে আবীর নিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এমন যে, নতুন করে স্টক মজুত করতে হচ্ছে।” স্থানীয়দের একাংশ এখনই গেরুয়া আবীর কিনে বাড়িতে মজুত করতে শুরু করেছেন। তাঁদের আত্মবিশ্বাস, এবার জয়ের পাল্লা তাঁদের দিকেই ভারী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আবীরের চাহিদা দেখে সবসময় নির্বাচনের ফল বিচার করা যায় না ঠিকই, তবে মানুষের এই বিপুল উচ্ছ্বাস অনেক সময় জনমতের প্রতিফলন ঘটায়। গত কয়েক দফায় উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের ভালো ফলও এই উন্মাদনার একটি কারণ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই আবীর কেনা কি কেবল অন্ধ আবেগ, নাকি ফালাকাটার বুথে বুথে পদ্ম ফোটার আগাম বার্তা? উত্তর মিলবে ফল প্রকাশের দিনেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy