দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে তপ্ত বাংলার রাজনীতি। এবার দেশের প্রখ্যাত সেফোলজিস্ট ও ম্যাট্রিজের এক বিশ্লেষকের চাঞ্চল্যকর মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। তাঁর মতে, তৃণমূল ও বিজেপির লড়াই এবার এতটাই সেয়ানে-সেয়ানে যে, শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ১৫ থেকে ২০টি আসনের মধ্যে আটকে যেতে পারে। তবে সবচেয়ে বড় চমক রয়েছে অন্য তথ্যে—যদি গ্রাউন্ড সেন্টিমেন্ট বা মানুষের মনের কথা বুঝতে গণনায় সামান্য ভুল হয়, তবে বিজেপি একাই ১৮০ থেকে ১৯০টি আসন পেয়ে ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে দিতে পারে।
অঙ্ক বনাম আবেগ: কোন পথে বাংলা?
ম্যাট্রিজের বিশ্লেষকের মতে, বর্তমানে তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে থাকলেও বিজেপির ভোট শেয়ারে যে ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে, তা রীতিমতো নজরকাড়া। তিনি জোর দিয়ে বলেন, “মাঠে পরিবর্তন যেমন চোখে পড়ছে, ডাটায়ও তা স্পষ্ট।” অর্থাৎ, পুরনো রাজনৈতিক সমীকরণ দিয়ে এবারের নির্বাচন বিচার করা যাবে না। মানুষের মনে পরিবর্তনের একটা সুপ্ত কিন্তু শক্তিশালী ঢেউ বইছে, যা অনেক বিশেষজ্ঞই ধরতে পারছেন না।
বিজেপির তুরুপের তাস ও তৃণমূলের চ্যালেঞ্জ
প্রথম দফার ভোটের পর যে রিপোর্ট উঠে এসেছে, তাতে গ্রামীণ এলাকা এবং হিন্দু-প্রধান বুথগুলোতে বিজেপির পক্ষে একটি শক্তিশালী ‘চেঞ্জ’ বা পরিবর্তনের আবেগ লক্ষ্য করা গেছে। এমনকি কিছু সংখ্যালঘু-প্রভাবিত অঞ্চলেও চিরাচরিত ভোটের ধরণ ভাঙার ইঙ্গিত মিলছে। তবে বিশ্লেষক সতর্ক করে দিয়েছেন যে, বাংলার রাজনীতি অত্যন্ত জটিল। স্থানীয় নেতাদের প্রভাব এবং মমতার ব্যক্তিগত ক্যারিশমা তৃণমূলকে ১৫-২০ আসনের ব্যবধানে জয় এনে দিতে পারে। কিন্তু দুর্নীতি, বেকারত্ব এবং ‘দিদি’র সরকারের বিরুদ্ধে ক্ষোভ যদি ভোটে রূপান্তরিত হয়, তবে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে যেতে পারে অনেক হিসেব।
মার্জিনাল আসনই কি আসল চাবিকাঠি?
বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজ্যে প্রায় ৬৫-৭০টি ‘মার্জিনাল’ বা প্রান্তিক আসন রয়েছে। যেখানে মাত্র ১-২ শতাংশ ভোটের এদিক-ওদিক ফলাফলকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এছাড়া ভোটার তালিকায় সাম্প্রতিক রদবদল এবং নতুন ভোটারদের ভূমিকাও এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজেপি এই বিশ্লেষণকে স্বাগত জানালেও, তৃণমূল একে ‘মনোবল বাড়ানোর চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে। তবে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন—বাংলার জনতা কি এবার স্থিতাবস্থায় থাকবে, নাকি ১৮০-১৯० আসনের সেই নয়া ইতিহাস লিখবে?





