ফলতায় মানবিক অভিষেক! কনভয় থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত টোটো যাত্রীকে উদ্ধার করলেন সাংসদ

নির্বাচনী প্রচারের চরম ব্যস্ততার মাঝেও মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে প্রচার সেরে ফেরার পথে এক দুর্ঘটনাগ্রস্ত টোটো যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় ফলতার ফতেপুর জাতীয় সড়কে। এদিন ফতেপুর ও সহরারহাটে একাধিক রোড-শো ও জনসভা শেষে কনভয় নিয়ে কলকাতার দিকে ফিরছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সময় একটি যাত্রী বোঝাই টোটো আচমকা মোড় ঘোরার সময় উল্টে গিয়ে বিপত্তি ঘটে। দুর্ঘটনায় টোটো চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন।

সাংসদের কনভয় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি তাঁর নজরে আসে। কালক্ষেপ না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করান এবং দ্রুত চিকিৎসার জন্য নিজস্ব কনভয়ের পাহারায় তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সাংসদকে এভাবে সশরীরে রাস্তায় নেমে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসতে দেখে ধন্য ধন্য করছেন স্থানীয় বাসিন্দারা। প্রচারের উত্তাপের মাঝেও তাঁর এই মানবিক উদ্যোগ এখন চর্চার কেন্দ্রে।