পুলিশের খাঁচায় নওদার বিধায়ক? উস্কানিমূলক মন্তব্যের জেরে তলব হুমায়ুন কবীরকে

উস্কানিমূলক মন্তব্যের জের। এবার সরাসরি আইনি সাঁড়াশি আক্রমণের মুখে নওদার বিধায়ক হুমায়ুন কবীর। ২৬ জুন রেজিনগরের একটি জনসভা এবং ৮ মে শক্তিপুরের কর্মিসভায় পুলিশের বিরুদ্ধে করা বেলাগাম মন্তব্যের প্রেক্ষিতে আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁকে শক্তিপুর থানায় তলব করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, আগামীকাল শনিবার তাঁকে রেজিনগর থানাতেও হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জনসমক্ষে পুলিশের মতো সরকারি সংস্থাকে হুমকির মুখে ফেলার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য ধারায় একাধিক FIR দায়ের করেছিল পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গত মঙ্গলবার পুলিশ প্রশাসন নোটিস পৌঁছে দিতে হুমায়ুন কবীরের বাড়িতেও গিয়েছিল। আজ থানায় তলব ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, জিজ্ঞাসাবাদের পর বিধায়কের বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে।