পুজোর ‘স্পেশাল অফার’-এ লক্ষ লক্ষ টাকা গায়েব! দেশজুড়ে জাল বিছানো ‘লোন উলফ’ প্রতারক কীভাবে ধরা পড়ল?

আইফোন ডিস্ট্রিবিউটার সেজে কলকাতার এক ব্যবসায়ীর সঙ্গে প্রায় ৭.৭৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা মায়ঙ্ক আগরওয়াল নামে ওই অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মায়ঙ্ক ‘লোন উলফ’ (একাই) দেশজুড়ে একাধিক ব্যবসায়ীর সঙ্গে এই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন।

কীভাবে চলত এই প্রতারণা?

পুলিশ সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ নাগাদ মায়ঙ্ক আগরওয়াল নিজেকে আইফোন ডিস্ট্রিবিউটার পরিচয় দিয়ে শরৎ বোস রোডের এক মোবাইল বিক্রেতাকে রাজস্থান থেকে ফোন করেন। পুজোর অফারে কম দামে আইফোন দেওয়ার লোভ দেখান তিনি।

কলকাতার ব্যবসায়ী সেই অফারে বিশ্বাস করে প্রায় ৭.৭৪ লক্ষ টাকা অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট প্রতারককে পাঠিয়ে দেন। অভিযোগ, মায়ঙ্ক সেই স্ক্রিনশট দেখিয়ে কোম্পানি থেকে ফোন সংগ্রহ করেন এবং সেই ফোন অন্যত্র বিক্রি করে দেন। যে টাকা পেয়েছিলেন, তা দিয়ে তিনি গয়না কেনেন এবং বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন।

দেশজুড়ে পালিয়ে বেড়ানোয় পুলিশের তৎপরতা

২৫ সেপ্টেম্বর কলকাতার ব্যবসায়ী প্রতারিত হওয়ার পরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত মায়ঙ্ক আগরওয়াল মুম্বই, উত্তরপ্রদেশ, গুজরাত-সহ দেশের একাধিক রাজ্যে পরিচয় বদলে গা ঢাকা দিচ্ছিলেন। পুলিশ সূত্রে দাবি, নদিয়া ছেড়েছেন বছর তিন আগে। অবশেষে ভবানীপুর থানার পুলিশ তাকে হরিয়ানা থেকে গ্রেফতার করে।

দেশের বিভিন্ন রাজ্যের মাঝারি ও বড় মাপের ব্যবসায়ীরাই এই প্রতারণা চক্রের টার্গেট ছিলেন। এই ঘটনার পর দেশজুড়ে এমন প্রতারণা চক্র নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।