পুজোর আগে অশান্তি! বাজি ফাটানো নিয়ে দুই পরিবারের মারামারি, হাসপাতালে ৫ জন

বাজি ফাটানোকে কেন্দ্র করে তুমুল অশান্তিতে জড়িয়ে পড়ল আসানসোলের ধাদকা এলাকার দুটি পরিবার। দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হওয়া লাঠালাঠিতে আহত হয়েছেন ৫ জন। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে।
সিং পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা তাদের বাড়ির সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল। নিষেধ করা সত্ত্বেও তারা শোনেনি, উল্টে শিশুদের উস্কে দেয় যাদব পরিবারের বড়রা। অভিযোগ আরও বাড়ে যখন যাদব পরিবারের সদস্যরা সিংদের গাড়ির নিচে বাজি ফাটানো শুরু করে। ডিজেল গাড়িতে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় প্রতিবাদ করতে গেলে দুই পরিবারের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এরপর যাদব পরিবারের প্রায় ২০ জন সদস্য লাঠি নিয়ে হামলা চালায়। এই হামলায় সিং পরিবারের পাঁচ জন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই যাদব পরিবারের সদস্যরা পলাতক। সিং পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাজি ফাটানো শুধুমাত্র একটি উপলক্ষ, আসলে এই দুই পরিবারের মধ্যে পুরোনো জমি সংক্রান্ত বিবাদ রয়েছে।