পুজোর আগেই বিদ্যুৎ গ্রাহকদের বড় চমক, স্মার্ট মিটার ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভের ডাক

বিদ্যুতের বেসরকারিকরণ, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন, এবং বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র নিবন্ধিত সংগঠন ‘অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’। পুজোর আগেই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি জেলার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে এই আন্দোলনের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরির রোকেয়া হলে অ্যাসোসিয়েশনের নেতৃত্বদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য নীরেন কর্মকার, প্রদীপ দাস, নারায়ণ চন্দ্র নায়ক এবং জেলা সম্পাদক শঙ্কর মালাকার। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল।
গ্রাহকদের প্রধান দাবিগুলো:
বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা।
ইতিমধ্যে লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া।
বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার করা।
গৃহস্থ গ্রাহকদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় দেওয়া।
কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা।
অন্যায়ভাবে লোডের ভিত্তিতে নেওয়া অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট ফেরত দেওয়া এবং জমা রাখা সিকিউরিটির ওপর আইনসম্মতভাবে সুদ প্রদান।
সভায় রাজ্য কমিটির সদস্য নীরেন কর্মকার সব স্তরের বিদ্যুৎ গ্রাহকদের প্রতি গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই আন্দোলন গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অত্যন্ত জরুরি।
এই ঘোষণার পর থেকেই পূর্ব মেদিনীপুরের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুজোর আগে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।