প্রকৃতি ও মানবজীবনের অমর শিল্পী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য সুকান্ত মজুমদারের

বিখ্যাত বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শুক্রবার এক্স (পূর্বতন টুইটার) বার্তায় তিনি লিখেছেন, “বাংলার কালজয়ী সাহিত্যিক শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্মদিবসে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও কোটি কোটি প্রণাম।”
সুকান্ত মজুমদার তাঁর পোস্টে বিভূতিভূষণের সাহিত্যকর্মের প্রশংসা করে বলেন, “তাঁর অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, ‘ইছামতী’ প্রভৃতি সাহিত্য শুধু বাংলার সাহিত্যকেই নয়, বিশ্বসাহিত্যের ভাণ্ডারকেও সমৃদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “গ্রামীণ জীবনের স্নিগ্ধ সৌন্দর্য, প্রকৃতির অপার মহিমা এবং মানবজীবনের গভীর সত্যকে তিনি যেভাবে তাঁর লেখনীর মাধ্যমে অমর করে তুলেছেন, তা যুগে যুগে আমাদের অনুপ্রেরণা জোগাবে।”
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যার লেখা আজও পাঠককে মুগ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জন্মদিনে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সারা বাংলার সাহিত্যপ্রেমী মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।