বন্ধ কারখানায় দাউদাউ করে জ্বলছে আগুন! ১০টি ইঞ্জিন নামিয়েও কালঘাম ছুটছে দমকলের

রবিবার ছুটির মেজাজে বড়সড় বিপত্তির খবর সামনে এল কলকাতার বুকে। এদিন দুপুর বারোটার দিকে চিৎপুরের নবাবপল্লী এলাকায় একটি রাসায়নিক কারখানায় হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, প্রাথমিকভাবে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও পরে পরিস্থিতি সামাল দিতে একে একে মোট ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চিৎপুরের নবাবপল্লী এলাকার ওই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেমিক্যাল প্লান্টে আগুন লাগে। ঘিঞ্জি বসতি এবং একের পর এক কারখানা গায়ে গায়ে লেগে থাকায় আগুন খুব দ্রুত আশপাশের কারখানাগুলিতেও ছড়িয়ে পড়ে। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোতলা ওই কারখানাটির একতলায় ছিল রাসায়নিকের গুদাম এবং দোতলায় মজুত ছিল জামাকাপড়। ফলে আগুন লাগার পর তা দ্রুত ভয়ংকর রূপ নেয়।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং সরু গলির কারণে দমকলকর্মীদের আগুন নেভানোর কাজে চরম বেগ পেতে হয়। তবে এখনও পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় শর্ট সার্কিটের ফলেই এই মর্মান্তিক কাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখে একটি এফআইআর দায়ের করেছে। স্বস্তির বিষয় হলো, শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।