১২ লক্ষ টাকা বাজেটে জগন্নাথ মন্দির, দুর্গাপুরে নজর কাড়তে আসছে নতুন থিমের পুজো

দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার দুর্গাপুরের কয়লা খনি অঞ্চলে তৈরি হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার এই অভিনব থিমে দর্শনার্থীদের তাক লাগাতে চলেছে। প্রায় ১২৫ ফুট উচ্চতার এই মণ্ডপটি নিখুঁত কারুকার্য ও অত্যাধুনিক আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে।

প্রতি বছর দুর্গাপুরে প্রায় ২৫টি বিগ বাজেটের পুজো হয়, যার মধ্যে থিম পুজোর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে। শহর থেকে শুরু করে পাণ্ডবেশ্বর, অণ্ডাল, জামুড়িয়া, লাউদোহা এবং আসানসোল থেকেও প্রচুর দর্শনার্থী এই পুজো দেখতে আসেন। তবে এবছর দিঘার জগন্নাথ ধাম মণ্ডপ দেখার জন্য রেকর্ড ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

মাধাইপুর কোলিয়ারির এই পুজো ৩৮তম বর্ষে পা রাখছে। পুজোকে কেন্দ্র করে মণ্ডপ চত্বরে একটি বিশাল মেলা বসে। চতুর্থীর দিন পুজোর উদ্বোধন করা হবে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মণ্ডপ তৈরির কাজ। মণ্ডপের পাশাপাশি আকর্ষণীয় দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান, এবারের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা।

পুজোর চার দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন। পুজো কমিটির আশা, এই আকর্ষণীয় মণ্ডপ দেখতে আরও বেশি সংখ্যক মানুষ আসবেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মণ্ডপের উদ্বোধন করবেন। এই বিগ বাজেটের পুজোর নিরাপত্তার জন্য ফরিদপুর থানা পুলিশও তৎপর রয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী ও সাধারণ মানুষরাও পুজোর সব কর্মকাণ্ড সুনিশ্চিত করতে সহযোগিতা করছেন।