দীর্ঘ ৬ বছর পর একেবারে অন্য অবতারে কামব্যাক! হংসল মেহতার মেগা সিরিজে কোন ঝড় তুলতে আসছেন বিপাশা বসু?

বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘ ছ বছরের বিরতি ভেঙে অবশেষে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন। বিয়ের পর এবং পরবর্তীতে কোভিড-১৯ মহামারীর সময় চলচ্চিত্র জগত থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলেন তিনি। ২০২০ সালে একটি ওটিটি প্রজেক্টে কাজ করার পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রবীণ পরিচালক হংসল মেহতার হাত ধরে তিনি ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, হংসল মেহতার পরিচালনায় আসন্ন এই নতুন ওয়েব সিরিজের নাম ‘বারাবাঁকি’। উত্তর প্রদেশের বারাবাঁকিতে মাদক পাচারের রোমহর্ষক ও অন্ধকার জগতের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই সিরিজের চিত্রনাট্য সাজানো হয়েছে। এতে বিপাশার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশাল জেঠওয়া এবং সানি কৌশলকে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি, তবে গত মাস থেকেই মুম্বাইতে এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লম্বা বিরতির পর বিপাশার এই কামব্যাক তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।