পাহাড়ের মাথায় আগুনের হলকা! ১০-১৪ ডিগ্রি সেলসিয়াস উপরে পারদ, বরফ কি তবে অতীত?

বসন্তের শুরুতেই আগাম গ্রীষ্মের দাপটে নাজেহাল উত্তর ভারতের পাহাড় থেকে সমতল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম সপ্তাহেই সিমলা, গুলমার্গ এবং শ্রীনগরের মতো শীতল পর্যটন কেন্দ্রগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠে গিয়েছে। যে গুলমার্গে এই সময়ে পর্যটকরা বরফের চাদর দেখতে পান, সেখানে পারদ ছুঁয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস— যা গত কয়েক দশকের মধ্যে মার্চ মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতা।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতেও পরিস্থিতি একই রকম। সেখানে তাপমাত্রা ২৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১০ ডিগ্রি বেশি। কালপা এবং মানালির মতো উচ্চ পার্বত্য এলাকায় তাপমাত্রা যথাক্রমে ১৪ এবং ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার অভাব এবং দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়াই এই অকাল উষ্ণায়নের প্রধান কারণ। তুষারপাত না হওয়ায় পাহাড়ের মাটি ও পাথর দ্রুত গরম হয়ে উঠছে, ফলে হিমালয়ের হিমশীতল আমেজ মার্চেই হারিয়ে যাচ্ছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জেলায় ইতিমধ্যেই হিটওয়েভ বা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, আগামী ৯ মার্চ থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে। এর ফলে কাশ্মীর ও হিমাচলের উঁচু পাহাড়গুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রাকে কিছুটা কমিয়ে ফের স্বস্তি ফেরাতে পারে। তবে আপাতত রোদের তেজে পাহাড়েও যেন সমতলের মতো হাঁসফাঁস অবস্থা।