পার্টি অফিসে বসে ভোটার তালিকা সংশোধন! তৃণমূল সাংসদকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের উত্তপ্ত রাজ্য নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে গুরুতর অনিয়ম করার অভিযোগ উঠেছে আট জন বুথ স্তরের আধিকারিক (BLO) এবং আট জন বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কমিশন (Election Commission) এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মৃতদের নামে ফর্ম, নির্দেশ এফআইআর-এর
অভিযুক্ত ৮ জন BLO-র বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগটি হলো, তাঁরা মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম বিলি করছেন। ভোটার তালিকায় জালিয়াতির এই প্রচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত ওই BLO-দের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর (FIR) দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

এছাড়াও, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার বদলে স্কুল বা পার্টি অফিস থেকে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে কোচবিহার ও উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায়। এই অনিয়মের ভিত্তিতে বেশ কয়েকজন BLO-কে ইতিমধ্যেই শো-কজ় (Show Cause) করা হয়েছে।

তৃণমূল পার্টি অফিসে সাংসদকে নিয়ে ফর্ম বিলি!
এই বিতর্কের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। অভিযোগ উঠেছে, একজন BLO খোদ তৃণমূল কার্যালয়ের চত্বরে সাংসদ কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে ভোটার ফর্ম বিলি করছেন।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে কাজটা প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তার করার কথা, তা এখন পার্টি অফিসে হচ্ছে।” তিনি কমিশনের (Election Commission) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। নন্দীগ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার এবং বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘাত ও BLO-দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

কমিশনের কড়া হুঁশিয়ারি ও হেল্পলাইন
পরিস্থিতি সামাল দিতে কমিশন কড়া অবস্থান নিয়েছে। জেলা প্রশাসনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে কমিশন জানিয়েছে, বিধি মেনে কাজ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে, সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনতে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তরে একটি বিশেষ অভিযোগ সেল চালু করা হয়েছে। নাগরিকেরা ০৩৩-২২৩১০৮৫০ হেল্পলাইন নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।