পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি! গালিগালাজ ও প্ররোচনামূলক আচরণের জেরে নিষিদ্ধ হতে পারেন হ্যারিস রউফ-সাহিবজাদা ফারহান!

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে সতর্ক করে ছেড়ে দিলেও, পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ ও সাহিবজাদা ফারহানকে কঠিন শাস্তি দিতে পারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি (ICC)। ভারত-পাকিস্তান ম্যাচের সময় মাঠের মধ্যে তাঁদের প্ররোচনামূলক আচরণের জন্য এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

কেন শাস্তির মুখে পাকিস্তানি ক্রিকেটাররা?
হ্যারিস রউফ: এই পাক পেসার ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এমনকি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের উদ্দেশ্যেও তিনি প্ররোচনামূলক আচরণ করেন। এই কারণে তাঁর মোটা অঙ্কের জরিমানা নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

সাহিবজাদা ফারহান: এই ব্যাটার অর্ধশতরান করার পর দর্শকদের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। যদিও তাঁর দাবি, তিনি পাখতুন উপজাতির মানুষ এবং তাঁদের সমাজে এভাবেই আনন্দ উদযাপন করার রীতি রয়েছে। তবে আইসিসি এই ‘ঐতিহ্যের’ দোহাই মেনে নেবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

দুই ক্রিকেটারই আইসিসি-র শুনানিতে নিজেদের নির্দোষ বলে দাবি করলেও, সম্ভবত তাতে চিঁড়ে ভিজছে না। শোনা যাচ্ছে, আইসিসি এই দুই ক্রিকেটারকে নির্বাসিত করতে পারে, যার ফলে রবিবার এশিয়া কাপের ফাইনালে তাদের খেলা অনিশ্চিত।

সূর্যকুমারকে ছাড় দিল আইসিসি
অন্যদিকে, চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে করমর্দন না করা এবং ম্যাচের পর পহেলগাঁওয়ের জঙ্গি হামলার শিকার পরিবারদের উদ্দেশে জয় উৎসর্গ করার জন্য সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তবে আইসিসি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তবে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তাঁকে মৌখিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে।