রাজনীতির আঙিনায় ফের বড়সড় ‘এস’ মারলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দুপুরে দিল্লির বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন লিয়েন্ডার। গত এক সপ্তাহ ধরেই তাঁর দলবদল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গত ২৪ মার্চ কলকাতার নিউ টাউনের এক হোটেলে বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীনের সঙ্গে তাঁর গোপন বৈঠকের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, লিয়েন্ডারের গন্তব্য এবার বিজেপি।
২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে জোড়াফুল শিবিরের হয়ে সেভাবে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে লিয়েন্ডারের এই দলবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের পর এবার রাজনীতির ময়দানে বিজেপি লিয়েন্ডারকে কোন বড় দায়িত্ব দেয়, এখন সেটাই দেখার।