পড়ুয়াদের ‘সন্ত্রাসবাদী’ বলায় ফুঁসছেন রাহুল গান্ধী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বিরোধী দল

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে রাহুল সরাসরি শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং অবিলম্বে ইস্তফার দাবি তুলেছেন। রাহুলের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থা আজ ‘অসৎ উপার্জনের ধন্ধ’-এ পরিণত হয়েছে, যার বলি হচ্ছে লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী।
রাহুল গান্ধী বলেন, “পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে যখন লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে, তখন সেই দায়ভার স্বীকার করার পরিবর্তে শিক্ষামন্ত্রী আন্দোলনরত পড়ুয়াদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিচ্ছেন।” অতীতে কৃষক আন্দোলন বা অন্যান্য যৌক্তিক প্রতিবাদে যারা সরব হয়েছিলেন, সরকার তাদেরও ‘দেশদ্রোহী’ বা ‘পরজীবী’ তকমা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রাহুল সাফ জানান, সরকার তাঁর ওপর ব্যক্তিগত আক্রমণ বাড়ালেও তিনি পিছু হঠবেন না। তাঁর মতে, শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা এবং স্বচ্ছ পরীক্ষার দাবিতে তিনি সর্বদা রাজপথে সরব থাকবেন। শিক্ষার অধিকার এবং পড়ুয়াদের সুরক্ষার প্রশ্নে মোদী সরকারের এই ‘অহংকারী মনোভাব’ দেশবাসীর কাছে ধিক্কারযোগ্য বলে মন্তব্য করেন তিনি।