মালদহের চাঁচলে রাজনৈতিক হিংসার নক্কারজনক ঘটনা। পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যা নাশেদা খাতুনের স্বামী মর্তুজ আলমের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে শাহবাজপুর গ্রামে মর্তুজকে তাঁর নিজের বাড়ি থেকে টেনে বের করে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় এই কংগ্রেস নেতা বর্তমানে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ও চোখে গভীর চোট রয়েছে।
আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের দাবি, স্থানীয় তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজরা বেশ কয়েকদিন ধরেই তাঁদের হুমকি দিচ্ছিল। সোমবার রাতে তারা সপরিবারে চড়াও হয় এবং ‘খুন করার’ শাসানি দিয়ে হামলা চালায়। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। তাঁর অভিযোগ, তৃণমূলের মদতেই এলাকায় সমাজবিরোধীরা এই তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের দাবি, এটি কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ভোটমুখী মালদহে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।