নেতাজিকে নিয়ে অপপ্রচার বরদাস্ত নয়! ‘পোস্ট ডিলিট করলেই রেহাই নেই, পুলিশ ব্যবস্থা নেবে’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিশ্ববন্দিত ও পরম শ্রদ্ধেয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অবিস্মরণীয়, আর তাঁকে নিয়ে যারা কুরুচিকর বা অবমাননাকর মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার সেলকে কড়া নির্দেশ ও পুলিশের পদক্ষেপ
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের একাধিক মন্ত্রী ও বিধায়ক এই বিষয়ে তাঁর সঙ্গে দেখা করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এর পরেই তিনি রাজ্যের সাইবার ক্রাইম সেলকে অবিলম্বে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, যেখানেই এই ধরনের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে এবং পুলিশ গ্রেফতারে পিছপা হবে না। তাঁর পরিষ্কার বার্তা—“যারা এই দুঃসাহস দেখিয়েছেন তাদের বলবো, এই দুঃসাহস ভালো নয়। সরকার ও পুলিশ এটাকে ভালো চোখে দেখছে না।”
পোস্ট ডিলিট করলেই কি রেহাই মিলবে?
অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে আপত্তিকর পোস্ট মুছে ফেলে বা ক্ষমা চেয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে এই বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শুধু পোস্ট ডিলিট করলেই পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। আইন নিজের গতিতে চলবে এবং অপরাধীদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই হবে। বাংলার মাটিতে দেশনায়কের অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।