‘নিউ এজ পলিটিশিয়ান!’ পুজোর আগে নতুন লুকে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতিতে নয়, শারীরিক গঠন এবং ফিটনেসেও যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। গত এক দশকে তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি শারীরিক গঠনেও এসেছে এক উল্লেখযোগ্য পরিবর্তন। সম্প্রতি জিমের পোশাক পরা তাঁর একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সাধারণত নিজের ব্যক্তিগত জীবনের ছবি অভিষেক সোশ্যাল মিডিয়ায় খুব একটা প্রকাশ করেন না। তাঁর অ্যাকাউন্ট বেশিরভাগই রাজনৈতিক কর্মকাণ্ডের ছবিতে ভরা থাকে। কিন্তু পুজোর ঠিক আগে, অভিষেক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে তাঁর পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর এবং সাদা স্লিভলেস স্পোর্টস টি-শার্ট। হাতে জিম গ্লাভস পরা এবং চুল কিছুটা আলুথালু। এই ছবি দেখে অনেকেই তাঁর ফিটনেস নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।
অভিষেকের এই পরিবর্তনের পেছনে তাঁর দলের সহকর্মীরা বলছেন অধ্যবসায়। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়েছেন, রাজনীতি, সংসার সামলেও যে শরীরচর্চা জরুরি, তা অভিষেক দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, “এটা এখন শিক্ষণীয়। সুস্থ থাকতে হবে।”
শাসকদলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য অভিষেককে ‘নিউ এজ পলিটিশিয়ান’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, রাজনীতিবিদেরা সাদা ধুতি, পাঞ্জাবি পরে থাকবেন, জিম করবেন না—এমন একটি ধারণা ছিল। অভিষেক সেই ট্যাবু ভেঙে দিয়েছেন।
যদিও বিরোধীরা এই ছবি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি নেতা সজল ঘোষ অভিষেকের ফিটনেসের প্রশংসা করলেও, বিভিন্ন দুর্নীতির অভিযোগ টেনে এনে বিদ্রূপ করেছেন। তবে এসব বিতর্ক ছাপিয়ে অভিষেকের এই নতুন লুক অভিনেতা-নেতাদের ছবির সঙ্গে এখন রীতিমতো পাল্লা দিচ্ছে।