নকল সোনা দিয়ে লক্ষাধিক টাকার গয়না চুরি, অভিনব প্রতারণায় চাঞ্চল্য দেগঙ্গায়

পুজোর আগে অভিনব কায়দায় সোনার দোকানে হাত সাফাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গায়। নকল সোনার বালা জমা রেখে প্রায় লক্ষাধিক টাকার কানের দুল নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। দেগঙ্গা বাজারের এই ঘটনায় হতভম্ব সোনার দোকানের মালিক। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়।

কীভাবে ঘটল এই ঘটনা?

দোকানের মালিক জানিয়েছেন, এক ব্যক্তি তার দোকানে এসে ১১ গ্রাম ওজনের একটি সোনার বালা জমা দেন। এরপর তিনি পাশের বাড়িতে দেখিয়ে আনার কথা বলে দু’জোড়া সোনার কানের দুল চেয়ে নেন। দোকান মালিক সরল বিশ্বাসে তাকে গয়নাগুলো দিয়ে দেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ওই ব্যক্তি ফিরে না আসায় তার সন্দেহ হয়। পরে তিনি বালাটি পরীক্ষা করে দেখেন সেটি সম্পূর্ণ নকল।

প্রতারণার এই কৌশল দেখে অবাক হয়ে গেছেন এলাকার অন্য ব্যবসায়ীরাও। সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক।

পুলিশের তদন্ত শুরু

অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ধরনের অভিনব কায়দায় প্রতারণার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত। তাদের মনে প্রশ্ন, সামনেই পুজো, এমন পরিস্থিতিতে কীভাবে তারা ক্রেতাদের বিশ্বাস করবেন?