রুদ্ধশ্বাস অপেক্ষা! আজ দেখা যাবে বছরের দীর্ঘতম ‘ব্লাড মুন’, জেনেনিন কখন দেখবেন?

রাতের আকাশে আজ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব। রবিবার দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। এই চন্দ্রগ্রহণ প্রায় ৮২ মিনিট ধরে চলবে, যা এই দশকের সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে চলেছে।
চন্দ্রগ্রহণের সময় চাঁদ এবং সূর্যের মাঝে চলে আসে পৃথিবী। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো যখন চাঁদে পৌঁছায়, তখন নীল এবং সবুজ রঙের শর্ট ওয়েভলেংথগুলো বায়ুমণ্ডল দ্বারা ছড়িয়ে পড়ে। শুধুমাত্র লাল আলোর লং ওয়েভলেংথ চাঁদে পৌঁছায়, যার ফলে চাঁদকে রক্তাভ বা গাঢ় লাল দেখায়। এই দৃশ্যটি এতটাই মনোমুগ্ধকর যে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি সারা জীবন স্মৃতিতে থেকে যাবে।
এই চন্দ্রগ্রহণের পুরো পর্বটিই ভারত থেকে দেখা যাবে। জ্যোতির্বিদরা জানিয়েছেন, এটি রবিবার রাত ৯টা ৫৮ মিনিটে শুরু হবে এবং ৮ সেপ্টেম্বর মধ্যরাত ১টা ২৬ মিনিটে শেষ হবে। এর মধ্যে ৮২ মিনিটের একটি পর্ব রয়েছে, যখন চাঁদ সবচেয়ে বেশি লাল হয়ে উঠবে।
ভারতের প্রধান শহরগুলোর মধ্যে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
কেন এটি মিস করা উচিত নয়?
এমন দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ খুবই বিরল। এক ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদকে লাল হয়ে উঠতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। ফটোগ্রাফারদের জন্য এটি একটি ‘গোল্ডেন মোমেন্ট’, কারণ এমন ছবি তোলার সুযোগ খুব কমই আসে।
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই। খালি চোখেই এই ‘ব্লাড মুন’ চাক্ষুস করা যাবে। যারা আরও স্পষ্ট করে দেখতে চান, তারা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন।