বেলুচিস্তানে বড় ধাক্কা পাকিস্তান সেনার! বিএলএ-র জোড়া হামলায় ২৫ জওয়ানের মৃত্যুর দাবি

পাকিস্তানের অশান্ত প্রদেশ বেলুচিস্তানে পাকিস্তানি সেনার ওপর বড় ধরনের হামলার দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএ-র দাবি অনুযায়ী, পরপর দুটি রক্তক্ষয়ী হামলায় পাকিস্তানের ২৫ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং তিনটি সামরিক বাহন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। সংগঠনের মুখপাত্র জিয়ন্দ বালোচ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন যে, প্রথম হামলাটি চালানো হয় জিয়রত ক্রসের নিকটবর্তী এলাকায়, যেখানে একটি সেনার কনভয়কে লক্ষ্য করে চারদিক থেকে আক্রমণ শেনানো হয়। এই হামলায় একটি সামরিক ট্রাকসহ দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয় এবং ঘটনাস্থলেই ১৮ জন সেনা জওয়ানের মৃত্যু হয়।

বিএলএ-র দাবি অনুযায়ী, এই সফল অপারেশনে তাদের বিশেষ ‘ফতেহ স্কোয়াড’ অংশ নিয়েছিল। হামলার পর আহত কয়েকজন সেনা পালিয়ে যেতে সক্ষম হলেও, বিদ্রোহীদের হাতে বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলে আসে। অন্যদিকে, দ্বিতীয় হামলাটি চালানো হয় সুরাবের হাজিকা এলাকায়। সেখানে বিএলএ-র স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয়। এই দ্বিতীয় হামলায় আরও একটি সামরিক বাহন ধ্বংস হয় এবং ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে দাবি করা হয়েছে।

এই বড়সড় হামলার পর নিহত পাকিস্তানি সেনা জওয়ানের একটি তালিকাও সামনে এসেছে, যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা হতাহতের সত্যতা স্বীকার করা হয়নি। ফলে প্রকাশিত তালিকা এবং মৃত্যুর এই পরিসংখ্যান সম্পূর্ণভাবে বিএলএ-র দাবি ও বিভিন্ন গোপন রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রকাশিত হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামরিক শক্তির বিরুদ্ধে এই ধরনের আক্রমণ দেশটির বর্তমান পরিস্থিতির চরম অবনতির চিত্রই তুলে ধরেছে।