দেবাংশুর চ্যালেঞ্জ, ‘মুখ্যমন্ত্রীর কেন্দ্রে পাঁচ মাসে ৮% ভোটার বাড়ে কী করে?’ ভাঙড়ের সমীকরণ নিয়ে চরম তরজা, ভোটের আগে নতুন বিতর্ক

আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি পর্বেই শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, আর তা ঘিরেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি বিরোধী দল বিজেপি ভাঙড় কেন্দ্রের ভোটার সংখ্যা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২০২১ সালের লোকসভা ভোটে ভাঙড় কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫১ হাজার ৯৭৭ জন। কিন্তু বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৯৯৩ জনে। অর্থাৎ, মাত্র তিন বছরে এই কেন্দ্রে ভোটার বৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ।
‘১৪ শতাংশ বৃদ্ধির সমীকরণ খুবই সহজ’
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে— কোন সমীকরণে তিন বছরে প্রায় ১৪ শতাংশ ভোটার বাড়ল? এর পরই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বিজেপি-কে পাল্টা জবাব দিতে আসরে নামেন। তিনি বলেন, এই সমীকরণ “খুবই সহজ সমীকরণ।”
দেবাংশু বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পাঁচ মাসের মাথায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। সেখানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কেন্দ্রেই ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৮ শতাংশ।
‘পাঁচ মাসে ৮% হলে তিন বছরে ৫৭ শতাংশ!’
নিজের নিজস্ব যুক্তি দিয়ে দেবাংশু বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “পাঁচ মাসে যদি ৮ শতাংশ ভোটার বৃদ্ধি হয়, তাহলে তিন বছরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৭ শতাংশে, যা কার্যত অসম্ভব।” এরপরই তিনি বিজেপি-কে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন— “মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কেন্দ্র সম্পূর্ণভাবে হিন্দু অধ্যুষিত কেন্দ্র। তাহলে সেখানে এই হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেল কীভাবে, তা ব্যাখ্যা করুক বিজেপি।”
দেবাংশু স্পষ্ট করে বলেছেন, বিজেপি ভাঙড়ের মতো একটি মুসলিম প্রধান কেন্দ্রকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে। তাঁর মতে, রাজ্য বিজেপি অভিযোগ করছে যে এই মুসলিম প্রধান কেন্দ্রগুলিতে অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে, যার ফলেই তিন বছরে এত ভোটার বেড়ে গিয়েছে। দেবাংশুর বক্তব্য, বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমেছে, তা মানুষ কখনোই মেনে নেবেন না।
নিজের ভিডিও বার্তায় দেবাংশু আরও বলেন, বিজেপি বাংলার ভোটারদের সমীকরণ নিয়ে বেশি চিন্তিত হলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই সমীকরণের অবস্থা আরও খারাপ। তিনি দাবি করেন, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে “সমীকরণ অত্যন্ত ভয়াবহ” এবং সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশ জুড়ে ‘ভোটচোর’ বলা হচ্ছে এবং তিনি “মুখ লুকোচ্ছেন”। দেবাংশু দাবি করেছেন, তৃণমূলের বিরুদ্ধে আনা ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।