দেবকে নিয়ে চরম অস্বস্তিতে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’! কেন জানানো হলো না মুক্তির তারিখ বদল?

১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দেব অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। কিন্তু শেষ মুহূর্তে এল বড় ধাক্কা। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় দেব নিজেই ঘোষণা করলেন, আপাতত ছবিটি মুক্তি পাচ্ছে না। দেবের মতে, দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। কিন্তু এই খবরটি শোনার পরই তৈরি হয়েছে বড় বিতর্ক।
অন্ধকারেই করিমুল হক!
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ছবির মূল অনুপ্রেরণা এবং বাস্তবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পদ্মশ্রী করিমুল হক এই খবরের বিন্দুবিসর্গও জানতেন না! এক সাংবাদিকের কাছ থেকেই প্রথমবার মুক্তি পিছিয়ে যাওয়ার কথা শোনেন তিনি। খবরটি শুনে রীতিমতো মর্মাহত করিমুল হক। গত কয়েক মাস ধরে দেশের নানা প্রান্তে তিনি নিজেই এই ছবির প্রচার চালিয়েছেন, সাধারণ মানুষকে ছবিটি দেখার আবেদন জানিয়েছেন। এখন ছবি পিছিয়ে যাওয়ায় তিনি কার্যত হতাশ।
দেব বা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ:
করিমুলের অভিযোগ, এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে দেব কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে একবারও জানানো হয়নি। তিনি বলেন, “এই ছবি শুধু আমার গল্প নয়, এটি বাংলার গর্ব। উত্তরবঙ্গের এক সাধারণ মানুষের সংগ্রামের কথা এটি। আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সেটাই বড় প্রশ্ন।” এমনকি বিষয়টি জানতে তিনি পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর পাননি বলে দাবি করেছেন।
ছবি ঘিরে টলিপাড়ায় জল্পনা:
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই আকস্মিক সিদ্ধান্তের পিছনে থাকতে পারে বাণিজ্যিক সমীকরণ। শোনা যাচ্ছে, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবনভিত্তিক ছবি। অদ্ভুতভাবে সেই ছবির প্রযোজকও প্রদীপ কুমার নন্দী। একই প্রযোজকের দুটি বড় বাজেটের ছবি পাশাপাশি মুক্তি পাওয়া নিয়ে টলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ১৫ আগস্টের পরিবর্তে অগস্টের শেষ দিকে ছবিটি মুক্তি পেতে পারে।
করিমুলের প্রতিক্রিয়া:
করিমুল হক জানিয়েছেন, এই প্রথম নয়, শুটিংয়ের সময়ও একাধিকবার তাঁকে অন্ধকারে রাখা হয়েছিল। তবুও তিনি ছবিটিকে নিয়ে আশাবাদী। প্রয়োজনে সমস্যা সমাধানে সরকারের সঙ্গে কথা বলতেও তিনি প্রস্তুত। তবে তাঁর আক্ষেপ, জীবনের সংগ্রামের এই দলিলটি যেভাবে মুক্তি পেতে চলেছে, তাতে তিনি বেশ অপমানিত বোধ করছেন।
এখন দেখার বিষয়, জল্পনার অবসান ঘটিয়ে দেবের প্রযোজনা সংস্থা কবে আনুষ্ঠানিকভাবে ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করে এবং এই মানভঞ্জন কীভাবে হয়!