পারিবারিক বিবাদ আর পরকীয়ার জেরে দেশের দুই প্রান্তে ঘটে গেল দুটি হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রথম ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সামান্য বচসা থেকে মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে বসেন সুরেশ নামে এক ব্যক্তি। উত্তেজনার মাথায় একটি মিনি এলপিজি সিলিন্ডার দিয়ে স্ত্রী পুনমের মাথায় সজোরে আঘাত করেন তিনি। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে দরজা ভেঙে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন পুনম। পাশে দেড় বছরের মেয়েকে কোলে নিয়ে বসে আছে ঘাতক স্বামী। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। রাজস্থানের বাসিন্দা এই দম্পতি দেড় মাস আগেই দিল্লির এই আবাসন কমপ্লেক্সে উঠেছিলেন।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মার্চেন্ট নেভি অফিসার চিন্তাদা রবীন্দ্রর নৃশংসতা হার মানিয়েছে সিনেমাকেও। অভিযোগ, স্ত্রী বাড়ি থেকে বেরোতেই প্রেমিকা পলিপল্লি মৌনিকাকে বাড়িতে ডাকেন তিনি। সেখানেই তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে কাটা হয়। মৃতদেহের একাংশ ফ্রিজে এবং বাকি অংশ প্লাস্টিকের বস্তায় ভরে রাখা ছিল। পুলিশ এলভি নগরের বাড়িতে তল্লাশি চালিয়ে এই দেহাংশ উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত অফিসার শ্রীঘরে, ঘটনার তদন্ত শুরু করেছে বিশাখাপত্তনম পুলিশ।