দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীকে নিজেদের গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ অফিসার

আজ রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা চলছে, যার মধ্যেই বীরভূমে একটি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন এক পরীক্ষার্থী। তবে পুলিশের মানবিক উদ্যোগে তিনি সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন।

সুদীপা দে নামে ওই পরীক্ষার্থী বীরভূমের মল্লারপুর থেকে বাইকে করে সিউড়ির চন্দ্রগতি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে হঠাৎ বাইক থেকে পড়ে গিয়ে তিনি হাতে গুরুতর চোট পান।

দুর্ঘটনার খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত সুদীপাকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর গাড়িতে করে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগে ধন্যবাদ জানিয়েছে তার পরিবার এবং স্থানীয় মানুষ।

নিরাপত্তার চাদরে মুড়েছে শহর

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। লালবাজারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহায়তা এবং নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও, পরীক্ষার্থীদের প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করলে পুলিশ দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৪১টি কেন্দ্র কলকাতায়। আজ সকাল থেকেই কমিশনের সদর দফতরকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।