দুর্গাপূজার বিসর্জন মিছিলে ভয়ঙ্কর হামলা! পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত মহারাষ্ট্রের বুলধানা, গ্রেফতার কতজন?

দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন (Maa Durga idol immersion) মিছিল চলাকালীন পাথর ছোড়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল মহারাষ্ট্রের বুলধানা জেলায়। শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটলেও বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

কী ঘটেছিল বাওয়ানবীর গ্রামে?
ঘটনাটি ঘটেছে সংগ্রামপুর তালুকের বাওয়ানবীর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজ নগর এলাকা দিয়ে মোট পাঁচটি দুর্গা প্রতিমার বিসর্জন শোভাযাত্রা যাচ্ছিল। চারটি প্রতিমা নির্বিঘ্নে চলে গেলেও, পঞ্চম প্রতিমা অর্থাৎ ‘জয় মালহার মণ্ডল’-এর মিছিল পৌঁছতেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

সোনালা থানার পুলিশ ইনচার্জ চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন, “জয় মালহার মণ্ডলের মিছিল যখন তাজ নগর এলাকায় পৌঁছয়, তখন তারা কিছু ভক্তিগীতি বাজাচ্ছিল। সেই সময়ই হঠাৎ এক বিশেষ সম্প্রদায়ের কিছু সদস্যের দিক থেকে পাথর ছোড়া শুরু হয়।” এই হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে খবর।

১২ জনকে আটক, মোতায়েন অতিরিক্ত পুলিশ
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনায় সোনালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনালের স্টেশন ইন-চার্জ চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন, “গতরাতে ১২ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামে আপাতত শান্তি ও স্বাভাবিকতা ফিরে এসেছে। তবে নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায়, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।