দীপাবলির আগে বড় সাফল্য পূর্ব মেদিনীপুর পুলিশের, ৭ দিনে উদ্ধার ১ টনের বেশি বাজি, গ্রেফতার ৯

আসন্ন দীপাবলীর আগে অবৈধ বাজি নির্মাণ ও বিক্রি ঠেকাতে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা জুড়ে জোরদার পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে মাত্র সাত দিনেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে।

কোজাগরী লক্ষ্মীপুজোর পর থেকেই অভিযান শুরু:

জেলা পুলিশের সূত্রে জানা যায়, কোজাগরী লক্ষ্মীপুজোর পরপরই অবৈধ আতশবাজি নির্মাণ ও বিক্রি ঠেকাতে কোমর বেঁধে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তল্লাশি অভিযান চলেছে এগরা, পাঁশকুড়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন স্থানে।

জেলা পুলিশের ডিএসপি ডিইবি শান্তব্রত চন্দ এই প্রসঙ্গে বলেন, “সারা বছরই জেলাজুড়ে অবৈধ বাজি কারবারিদের বিরুদ্ধে অভিযান চালান হয়। তবে দীপাবলীর কয়েকদিন আগে থেকেই সেই অভিযানে আরও জোর দেওয়া হয়েছে। ৭ দিনে এক টনেরও বেশি বাজি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বাজি তৈরির কাঁচামাল। বিভিন্ন থানা মিলিয়ে জেলায় মোট অবৈধ বাজি কারবারের সঙ্গে জড়িত থাকা নয় জনকে গ্রেফতার করা হয়েছে।”

এগরা কাণ্ডের পর বিশেষ সতর্কতা:

প্রসঙ্গত, এগরাতে ২০২৩ সালে বাজি বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনার পর থেকেই জেলাজুড়ে প্রশাসন ও পুলিশ বিশেষভাবে সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। দীপাবলির আলোর উৎসবে শব্দ দূষণ ও বায়ু দূষণ ঠেকাতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু নিষিদ্ধ বাজি নয়, পাশাপাশি অবৈধ মদ বিক্রি ও জুয়া খেলার বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। দীপাবলীর আগে জেলার সর্বত্র শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।