দীপাবলির আগে ঘরে আলো, পুত্র সন্তানের জন্ম দিলেন পরিণীতি চোপড়া, বাবা হলেন রাঘব চাড্ডা

অবশেষে অপেক্ষার অবসান! দীপাবলির আগেই ঘরে এল সুখবর। অভিনেত্রী পরিণীতি চোপড়ার কোল আলো করে এল তাঁর প্রথম সন্তান। বাবা হলেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। রবিবার দিল্লির একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন রাঘব-ঘরণী।

এই তারকা দম্পতি এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁদের পুত্র সন্তানের পৃথিবীতে আগমনের কথা ঘোষণা করেন। তাঁদের এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট
পরিণীতি এবং রাঘব তাঁদের যৌথ পোস্টে নিজেদের অনুভূতি প্রকাশ করে লেখেন:

“অবশেষে সে আমাদের জীবনে এসে গিয়েছে। আমাদের ছেলে। সে আসার পরে আমাদের মনে নেই যে এর আগের জীবনটা কেমন ছিল। আমাদের কোল পূর্ণ হল। আমাদের হৃদয় আরও পরিপূর্ণ হলো।”

তাঁরা আরও লেখেন, “এতদিন আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবকিছু রয়েছে।”

গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বিয়ের পর থেকেই পরিণীতির প্রেগন্যান্সি নিয়ে জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে দীপাবলির আগেই তাঁদের পরিবারে এল নতুন অতিথি।