দায়িত্ব নিয়েই বড় ঘোষণা! ২৮ জুন থেকে ফের চালু বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা

দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু করার ঘোষণা দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কূটনৈতিক দায়িত্ব শুরু করেন। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই এই বড় সুখবরটি শোনালেন তিনি।
২৮ জুন থেকে ফের আবেদন বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে জনসমক্ষে এসে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সাধারণ ভ্রমণ ভিসা পুনরায় চালু করা হচ্ছে। আগামী ২৮ জুন থেকেই ভিসার আবেদন জমা নেওয়া শুরু হবে।” ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে পর্যটক ও সাধারণ ভ্রমণপিপাসুদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঐতিহাসিক কূটনৈতিক পদক্ষেপ দীনেশ ত্রিবেদী ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ, যাকে বাংলাদেশে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত এই বর্ষীয়ান বিজেপি নেতার নিয়োগকে ঘিরে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই ব্যাপক কৌতূহল ছিল। গত দুই বছর ধরে নিরাপত্তা পরিস্থিতি ও পারস্পরিক সম্পর্কের সমীকরণের কারণে ভিসা পরিষেবা স্থগিত ছিল। নতুন হাইকমিশনারের এই দ্রুত পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বরফ গলা শুরুর ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কেন এই ভিসা জরুরি ছিল? গত কয়েক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে বিভিন্ন জটিলতায় দুই দেশের নাগরিকদের যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। ভিসা পরিষেবা বন্ধ থাকায় চিকিৎসা, পর্যটন এবং ব্যক্তিগত প্রয়োজনে ভারত গমনে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিরা চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীর প্রথম দিনের এই ঘোষণা ভারত ও বাংলাদেশের মধ্যে ‘মানুষে-মানুষে’ সংযোগ স্থাপনে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।