দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে কেন বারংবার ভুল করছে আবহাওয়া অফিস? আসল কারণ ফাঁস

আলিপুর আবহাওয়া দফতরের গতানুগতিক পূর্বাভাসকে ভুল প্রমাণ করে গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও তা বর্তমানে দুর্বল। অথচ প্রবল বৃষ্টিতে ভাসছে গাঙ্গেয় বঙ্গ। আবহবিদদের মতে, এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে রয়েছে ‘স্কোয়াল ফ্রন্ট’ এবং বিশালকার ‘কিউমুলোনিম্বাস’ মেঘ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই উলম্ব মেঘের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ কিলোমিটার এবং এর ঘনত্ব ২৫ থেকে ৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই মেঘগুলি স্থানীয়ভাবে তৈরি নয়, বরং ছত্তিশগড় ও ছোটনাগপুর মালভূমিতে এদের উৎপত্তি। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প ছোটনাগপুর মালভূমিতে একত্রিত হয়ে এই দানবীয় মেঘের সৃষ্টি করছে, যা পরবর্তীতে ঝাড়খণ্ড ও বিহার হয়ে বাংলার পশ্চিমের জেলাগুলির ওপর দিয়ে গাঙ্গেয় বঙ্গে আছড়ে পড়ছে। এই দ্রুত পরিবর্তনের কারণেই আলিপুরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ফাঁক থেকে যাচ্ছে, যে কারণে আবহাওয়া অফিস এখন ‘নাউকাস্ট’ বা তাৎক্ষণিক সতর্কবার্তার ওপরই বেশি ভরসা রাখছে।
অন্যদিকে, আগামী কয়েকদিনের জন্য রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা থাকবে সর্বাধিক। ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এক বা দুই জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ১ ও ২ জুলাইও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়েও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ২৭ জুন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ২৯ জুন থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে এবং ৩০ জুন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া বর্তমানে মেঘলা। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.০১ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবারও আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।