দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের কালো মেঘ! ১১ জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকেই বিক্ষিপ্ত ও লাগাতার বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ রাজ্যের প্রায় ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্ত ও জোড়া নিম্নচাপ অক্ষরেখার সক্রিয় প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নদীমাতৃক ও উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান থেকে শুরু করে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও ছড়িয়ে রয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই মূলত বাংলার আকাশে মেঘের ঘনঘটা এবং দফায় দফায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এরপর শুক্রবার বৃষ্টির পরিধি আরও বাড়িয়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা থাকলেও সামগ্রিকভাবে বৃষ্টির ব্যাপকতা অনেকটাই কমে আসবে। এমনকি আগামী রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জন্য নতুন করে কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা নেই।
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে তিলোত্তমা মহানগরীর তাপমাত্রা মূলত ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকায় ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না।
অন্যিদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা ভিন্ন রূপ নিয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা খানিকটা কম থাকলেও আগামী রবিবার থেকে সেখানে ফের বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। তবে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকবে এবং কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এরপর আগামী রবিবার থেকে পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।