তোশাখানা-২ মামলায় বড় ধাক্কা! ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের টালমাটাল রাজনীতিতে ফের বিনা মেঘে বজ্রপাত। বহুল চর্চিত ‘তোশাখানা-২’ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিশেষ আদালত। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভেতরেই বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমন্দ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার মূল কারণ হলো একটি বহুমূল্য ‘বুলগারি’ গয়নার সেট, যা ২০২১ সালে সৌদি ক্রাউন প্রিন্স ইমরান ও তাঁর স্ত্রীকে উপহার দিয়েছিলেন। অভিযোগ, সেই উপহার সরকারি তোশাখানায় জমা না দিয়ে নামমাত্র মূল্যে নিজেদের দখলে রেখেছিলেন তাঁরা। আদালত বিষয়টিকে সরকারি সম্পত্তির অপব্যবহার এবং ‘বিশ্বাসভঙ্গের গুরুতর অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে। সাজা হিসেবে দু’জনকেই ১০ বছর করে কঠোর কারাদণ্ড এবং দুর্নীতি দমন আইনে আরও ৭ বছরের সাজা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

ইতিমধ্যেই ১৯০ মিলিয়ন ইউরো দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন ইমরান। নতুন এই সাজার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ আরও অন্ধকারের মুখে। এদিকে ইমরানের দুই পুত্র কাশিম ও সুলেমান অভিযোগ করেছেন, তাঁদের বাবাকে দীর্ঘ দুই বছর ধরে নিঃসঙ্গ বন্দিত্বে রেখে মানসিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে। ইমরানের আইনজীবীরা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই সাজানো রায় দেওয়া হয়েছে এবং তাঁরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।