তেলের বাজারে বড় ধামাকা! ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণায় এক ধাক্কায় ১৫% সস্তা অপরিশোধিত তেল

দীর্ঘ ৪০ দিনের স্নায়ুযুদ্ধের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিশ্ব অর্থনীতি। বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় ১৫ শতাংশ কমে ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

যুদ্ধ চলাকালীন যে তেলের দাম ব্যারেল প্রতি ১০৯.৭৭ ডলার ছাড়িয়ে গিয়েছিল, আজ তা কমে ৯৫ ডলারে এসে ঠেকেছে। একইভাবে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড অয়েলের দামও ব্যারেল প্রতি প্রায় ২০ ডলার হ্রাস পেয়েছে। এই দরপতনের প্রধান কারণ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমোজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা। বিশ্বের মোট জ্বালানি চাহিদার এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই সরবরাহ হয়, যা যুদ্ধের কারণে ইরান বন্ধ করে দিয়েছিল।

মার্চ মাসে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় ভারতসহ একাধিক দেশ তীব্র সঙ্কটের মুখে পড়েছিল। যদিও ভারতে পেট্রোল-ডিজেলের দামে বড় পরিবর্তন হয়নি, তবে বৈশ্বিক মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছিল। এদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমোজ প্রণালী দিয়ে সরবরাহ স্বাভাবিক হলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক চাপ কমবে।