তামিলনাড়ুতে বিজেপির মাস্টারস্ট্রোক! ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের জন্য মাসিক ২ হাজার টাকার প্রতিশ্রুতি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন, যা কার্যত জনমোহিনী প্রতিশ্রুতির ডালি। এই ইস্তেহারে মহিলাদের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের পকেটে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে প্রতি পরিবারের গৃহকর্ত্রীকে মাসিক ২ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও প্রতিটি পরিবারকে এককালীন ১০ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমাতে বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে গেরুয়া শিবির। পঙ্গল, দিওয়ালি এবং তামিল নববর্ষের সময় এই সিলিন্ডারগুলি বিতরণ করা হবে। প্রশাসনিক স্বচ্ছতা আনতে একগুচ্ছ সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তাও দিয়েছেন নাড্ডা। তাঁর দাবি, এই ইস্তেহার তামিলনাড়ুর উন্নয়নের আসল রোডম্যাপ।