একসময়ের ‘অভেদ্য দুর্গ’ বীরভূমে এবার আছড়ে পড়ল প্রবল গেরুয়া ঢেউ। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুকে এবার ঘাসফুল সরিয়ে জয়ের হাসি হাসল পদ্ম শিবির। জেলার ১১টি আসনের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক হেভিওয়েট প্রার্থীর পরাজয়ে কার্যত দিশেহারা জোড়াফুল শিবির। তবে এই নির্বাচনী ফলাফলের পরেই বীরভূমের দিকে দিকে শুরু হয়েছে ভয়াবহ ভোট-পরবর্তী হিংসা।
অগ্নিগর্ভ লালমাটির জেলা
সোমবার ফল স্পষ্ট হতেই বোলপুর, নানুর, সিউড়ি-সহ জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসতে শুরু করে। বোলপুর কলেজের গণনাকেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই তৃণমূলের ক্যাম্প অফিস গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মারধর করা হয়েছে তৃণমূল কাউন্সিলরদের। নানুরের কীর্ণাহারে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির সামনে মোতায়েন করতে হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।
বীরভূমের রাজনৈতিক সমীকরণ ও ফল
২০১২ সাল থেকে যে জেলা ছিল অনুব্রতর হাতের মুঠোয়, তিহার জেল থেকে ফেরার পরও যেখানে ফাটল ধরানো যায়নি, ২০২৬-এর নির্বাচনে সেই বীরভূমই মুখ ফিরিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। বোলপুর, নানুর, হাসন, মুরারই ও নলহাটিতে তৃণমূল জিতলেও; সিউড়ি, রামপুরহাট, ময়ূরেশ্বর, দুবরাজপুর, সাঁইথিয়া এবং লাভপুরে সম্মানজনক ব্যবধানে জিতেছে বিজেপি।
‘বাঘকে আবার খাঁচায় ভরব’—হুঁশিয়ারি শ্যামাপদ মণ্ডলের
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “গড় আগেই ভেঙে দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে বীরভূমের বাঘকে আবারও খাঁচায় ভরব। মানুষ এবার সুশাসন ফিরিয়েছে।”
বিস্ফোরক দুবরাজপুরের তৃণমূল প্রার্থী
দলের শোচনীয় ফলের মধ্যেই শুরু হয়েছে অন্তর্কলহ। দুবরাজপুরের পরাজিত তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরি সরাসরি আঙুল তুলেছেন জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের দিকে। তাঁর বিস্ফোরক অভিযোগ, “দলের নেতাই আমাকে হারিয়ে দিয়েছে।” অন্যদিকে, বোলপুরের চন্দ্রনাথ সিনহা এবং লাভপুরের অভিজিৎ সিংহ উন্নয়নের পরেও কেন মানুষের এই প্রত্যাখ্যান, তা নিয়ে পর্যালোচনার কথা জানিয়েছেন। সব মিলিয়ে জয়ের গেরুয়া আবির আর হারের হাহাকারে এখন তপ্ত রাঙামাটির জেলা বীরভূম।





