ডিজিটাল জালিয়াতির ‘যম’ আসছে! SBI, BOB-সহ ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ ‘পুলিশি’ প্ল্যাটফর্ম

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BoB) এবার ডিজিটাল জালিয়াতি রুখতে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে, এই দুই ব্যাঙ্কের উদ্যোগে তৈরি হচ্ছে একটি ‘রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’, যা অনেকটা পুলিশের মতো কাজ করে ব্যাঙ্কিং লেনদেনে নজর রাখবে।

এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো ব্যাঙ্কের সমস্ত লেনদেনের উপর নজর রেখে প্রতারণামূলক কার্যকলাপ খুঁজে বের করা এবং হাতেনাতে জালিয়াতি ঠেকানো।

টাকা কতটা সুরক্ষিত: কেন এই উদ্যোগ?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্যই বলছে, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় জালিয়াতির ছবিটা কতটা ভয়ঙ্কর। গত অর্থবর্ষে জালিয়াতির পরিমাণ প্রায় ৩ গুণ বেড়েছে, যেখানে ৩৬ হাজার কোটিরও বেশি টাকা চলে গিয়েছে জালিয়াতদের কবলে। এই পরিস্থিতিতেই তৈরি হতে চলেছে এই প্ল্যাটফর্ম।

জানা গিয়েছে, SBI ও ব্যাঙ্ক অফ বরোদা এই প্ল্যাটফর্ম তৈরি করলেও দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই শেয়ার থাকছে নতুন এই পরিকাঠামোয়। এই প্ল্যাটফর্ম পরিচালনার জন্য তৈরি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন (IDPIC) নামের একটি সংস্থা।

সংস্থার গঠন: IDPIC একটি সেকশন ৮ সংস্থা (নন প্রফিট অর্গানাইজেশন) হিসাবে রেজিস্ট্রিকৃত হবে।

মূলধন: এই সংস্থার মূলধন হতে চলেছে ৫০০ কোটি টাকা।

প্রাথমিক অর্থায়ন: শুরুতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অব বরোদা প্রত্যেকে ১০ কোটি টাকা করে দেবে। রিজার্ভ ব্যাঙ্কও এই সংস্থার আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনে অনুমোদন দিয়েছে।

জালিয়াতের ‘যম’: AI/ML প্রযুক্তির ব্যবহার
নতুন এই সংস্থাটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৈরি AI/ML (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/মেশিন লার্নিং) মডেলের উপর নির্ভর করবে। এর মাধ্যমে খুব সহজেই ‘Mule Accounts’ বা প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়ো অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা যাবে।

NPCI-এর প্রাক্তন চেয়ারম্যান এ পি হোতার নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনেই তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটি। কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইতিমধ্যে আরবিআইয়ের তৈরি MuleHunter.AI ব্যবহার করে। কিন্তু নয়া এই IDPIC সংস্থা হতে চলেছে আরও বড়, সেন্ট্রালাইজড একটি পরিকাঠামো, যা আগামীতে দেশের ডিজিটাল পরিকাঠামোর রক্ষাকবচ হিসেবে কাজ করবে।