ডিএ মামলায় সুপ্রিম কোর্টে নতুন বিশেষ বেঞ্চ গঠন! আজ দুপুর ২টায় শুনানি হবে কি? উৎকণ্ঠায় লাখো সরকারি কর্মচারী

পশ্চিমবঙ্গের সরকারি ও আধাসরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্টে ফের নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট নতুন করে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছে, তবুও আজ, ২৬ নভেম্বর মামলাটি আদৌ শুনানিতে উঠবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটছে না। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে আশা ও উদ্বেগ একসঙ্গে কাজ করছে।

দীর্ঘদিন ধরে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছিল। এর মধ্যেই সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ গঠনের খবরে নতুন করে আশা জেগেছে।

কারা আছেন নতুন বেঞ্চে?

ডিএ মামলার (Dearness Allowance) জন্য গঠিত নতুন বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এই দুই বিচারপতি এর আগেও দীর্ঘ সময় ধরে ডিএ মামলার শুনানি করেছেন। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেঞ্চটি আজ, ২৬ নভেম্বর দুপুর ২টোর সময় সুপ্রিম কোর্টের ১৩ নম্বর কোর্টরুমে বসবে। এ খবর সামনে আসতেই কর্মচারীদের মধ্যে তীব্র চঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আশার সঙ্গে দুশ্চিন্তাও: কজ লিস্টে এখনও নেই মামলার নাম

আশার এই খবরের পাশাপাশি দুশ্চিন্তার কারণও রয়েছে। কারণ, এখন পর্যন্ত নিয়মিত Cause List–এ ডিএ মামলার (Dearness Allowance) উল্লেখ নেই। অতীতেও বহুবার বিশেষ বেঞ্চ বসলেও কজ লিস্টে মামলা না ওঠায় শেষ পর্যন্ত শুনানি হয়নি। তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের Supplementary List–এর উপর। এই লিস্টে মামলার নাম ওঠার সম্ভাবনা থাকলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত তাতেও ডিএ মামলার নাম মেলেনি। ফলে ২৬ তারিখে আসলে কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।

কর্মচারী সংগঠন, কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সতর্ক বার্তা দিয়ে বলেছেন, “বেঞ্চ গঠন অবশ্যই ইতিবাচক খবর। কিন্তু মামলা লিস্টে উঠবে, এমন নিশ্চয়তা নেই। অতীতেও বেঞ্চ বসেছে, কিন্তু মামলা ওঠেনি। তাই এখনই খুব বেশি আশা করা ঠিক হবে না।”

বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা আশা করছেন, সুপ্রিম কোর্ট দ্রুত চূড়ান্ত রায় দিয়ে বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার পথ উন্মুক্ত করবে। আজ শুনানি হবে কি না, পুরোটাই নির্ভর করছে শেষ মুহূর্তে সাপ্লিমেন্টারি লিস্টে মামলার নাম ওঠার ওপর।