টেসলার ভারত প্রবেশ, ৮ বছর আগের আমন্ত্রণ সফল, আনন্দ মাহিন্দ্রার টুইট ভাইরাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে নিজেদের প্রথম শোরুম খুলল আমেরিকান ইলেকট্রিক ভেহিকল সংস্থা টেসলা। আর এই ঐতিহাসিক মুহূর্তে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রার একটি পুরনো টুইট (বর্তমানে এক্স পোস্ট) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ৮ বছর আগে টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে টেসলা তাদের প্রথম ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করেছে। এর পরপরই আনন্দ মাহিন্দ্রা ১৫ জুলাই তাঁর এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ২০১৭ সালের ২ জুন তিনি ইলন মাস্কের একটি পোস্ট শেয়ার করে টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

বর্তমান পোস্টে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, “ইলন মাস্ক ও টেসলাকে ভারতে স্বাগতম। বিশ্বের সবচেয়ে বড় ইভি বাজার এবার আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতা উদ্ভাবনী নিয়ে আসে ও সেদিকে এখনও অনেক রাস্তা যেতে হবে আমাদের।” তিনি এই পোস্টে ইলন মাস্ককে এও বলেন, “আশা করছি আমাদের কোনও এক চার্জিং স্টেশনে দেখা হবে।”

ভারতে প্রাথমিকভাবে টেসলা তাদের মডেল ওয়াই (Model Y) বিক্রি করতে চলেছে। এই মডেলের দাম হতে পারে প্রায় ৭০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি। টেসলার এই আগমন ভারতের ইলেকট্রিক ভেহিকল বাজারে এক নতুন প্রতিযোগিতার সূচনা করবে বলে মনে করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত বিকল্প নিয়ে আসবে। আনন্দ মাহিন্দ্রার দূরদর্শী আমন্ত্রণ এবং টেসলার দীর্ঘ প্রতীক্ষিত আগমন – এই দুটি বিষয়ই বর্তমানে ইভি প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।