টেক দুনিয়ায় ছাঁটাইয়ের সুনামি! ওড়াকলের পর এবার কোপ মেটায়, ২০২৬-এই কাজ হারাবেন কয়েক লক্ষ কর্মী?

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের মন্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জয়জয়কারের মাঝেই ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta)। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৮,০০০ কর্মী কাজ হারাতে চলেছেন। জানা গিয়েছে, ২০২৬ সালের মে মাসের মধ্যেই ছাঁটাইয়ের এই প্রথম পর্যায়টি কার্যকর হবে। তবে এখানেই শেষ নয়, বছরের দ্বিতীয় ভাগে ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে মার্ক জাকারবার্গের সংস্থার।

কৃত্রিম বুদ্ধিমত্তার কোপ ও মেটার পরিকল্পনা:
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা তাদের বিভিন্ন কার্যক্ষেত্রে মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রয়োগ বাড়াতে চাইছে। এই অটোমেশনের কারণেই বিপুল পরিমাণ কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের মধ্যে মেটার মোট কর্মীবাহিনীর ২০ শতাংশ বা প্রায় ১৬,০০০ কর্মীকে ছাঁটাই করার একটি বৃহত্তর নীল নকশা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেটার মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৯,০০০। এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংস্থার কর্মী সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে আসবে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সংস্থার সিইও মার্ক জাকারবার্গ সরকারিভাবে কোনও মন্তব্য করেননি।

টেক দুনিয়ায় ‘নিউ নর্মাল’ ছাঁটাই:
২০২৬ সালটি প্রযুক্তি বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। বছরের প্রথম চার মাসেই প্রায় ৮০,০০০ টেক কর্মী চাকরি হারিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, বছরের শেষে এই সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি তথ্যপ্রযুক্তি সংস্থা ওড়াকল (Oracle) বিশ্বজুড়ে ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে ভারতেরই প্রায় ১২,০০০ কর্মী রয়েছেন।

কেন এই পরিস্থিতি?
কোভিড পরবর্তী সময়ে যখন ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পায়, তখন টেক কোম্পানিগুলি বিপুল নিয়োগ করেছিল। কিন্তু বর্তমানে কোডিং, ডিজাইনিং, ফ্যাক্ট-চেকিং এবং মডারেশনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি ম্যানুয়ালি করার বদলে AI দিয়ে করানো হচ্ছে। এর ফলে সংস্থাগুলি উৎপাদনশীলতা বজায় রেখেও খরচ কমাতে কর্মী ছাঁটাইকে ‘নিউ নর্মাল’ বা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বেছে নিচ্ছে। বেসরকারি ক্ষেত্রে এই গণছাঁটাইয়ের ধারা এখন সাধারণ চাকুরিজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy