‘টাকা খরচ করে শেখার ক্ষমতা নেই’, গরিব পরিবারের পড়ুয়াদের জন্য ‘উৎকর্ষ বাংলা’-র মানবিক উদ্যোগ, স্বনির্ভরতার পথে তরুণ প্রজন্ম

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের রাজাপুর এলাকার পিছিয়ে থাকা গ্রামের ছেলেমেয়েদের জন্য এক সোনালী সুযোগ নিয়ে এসেছে সরকারি প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’। আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের বাজারে এই তরুণ প্রজন্মকে এগিয়ে দিতে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স করানো হচ্ছে। আর এই প্রশিক্ষণ কেন্দ্রেই এখন ভিড় বাড়ছে আগ্রহী ছাত্রছাত্রীদের।

প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকদের দাবি, এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই শিক্ষার্থীরা প্রতিদিন হিসাবে ৫০ টাকা স্কলারশিপ পাচ্ছেন। এই আর্থিক সহায়তা পড়াশোনার পাশাপাশি দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে অংশ নিতে বড় ভূমিকা রাখছে। ফলে কোনো প্রকার আর্থিক বাধা ছাড়াই তারা কোর্সে অংশ নিতে পারছে।

কোর্স শেষে মিলবে সরকারি শংসাপত্র, খুলছে নতুন কাজের দরজা
‘উৎকর্ষ বাংলা’-র এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাতেই সীমাবদ্ধ নয়। সফলভাবে কোর্স শেষ করার পর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সরকারি স্বীকৃত শংসাপত্র। প্রশিক্ষকরা জানিয়েছেন, এই শংসাপত্রের জোরে রাজ্যের বিভিন্ন দফতর-সহ বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ মিলবে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মতে, বহু বছর পর রাজাপুরের তরুণ প্রজন্মের জন্য এমন মানবিক ও ফলপ্রসূ উদ্যোগ দেখা গেল। আগে যেখানে কম্পিউটার শেখার সুযোগ ছিল না বললেই চলে, সেখানে এখন গ্রামেই পৌঁছে যাচ্ছে আধুনিক প্রযুক্তির আলো।

স্থানীয় ছাত্রছাত্রীদের কথায়, “বাইরে গিয়ে টাকা খরচ করে শেখার ক্ষমতা আমাদের নেই। এখানে বিনামূল্যে শেখার সুযোগ ও প্রতিদিন ৫০ টাকা স্কলারশিপ দুটোই দারুণ সহায়তা।”

‘উৎকর্ষ বাংলা’-র এই উদ্যোগ শুধু রাজাপুরের শিক্ষা-পরিবেশকেই বদলে দিচ্ছে না, বরং কর্মসংস্থানের নতুন দরজা খুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের হাতে স্বনির্ভরতার নতুন স্বপ্ন তুলে দিচ্ছে। ইতিমধ্যেই বহু মেধাবী ও আগ্রহী ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছে।