মুর্শিদাবাদ জেলাসহ পার্শ্ববর্তী বীরভূম, মালদহ এবং ঝাড়খণ্ডের রোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর। এবার ক্যানসার চিকিৎসার জন্য আর কলকাতা বা দূর-দূরান্তের হাসপাতালে ছোটাছুটি করতে হবে না। বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা পরিষেবা ও কেমো থেরাপি। এই পদক্ষেপের ফলে জেলার চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যানসার কেয়ার সেন্টারে অত্যাধুনিক রেডিয়েশন মেশিন বসানো হয়েছে। প্রফেসর ডাঃ অনাদি রায় চৌধুরী জানান, বর্তমান সময়ে জরায়ু, ফুসফুস ও ব্রেস্ট ক্যানসারের প্রকোপ বাড়ছে। সেই কথা মাথায় রেখেই এখানে নিয়মিত ওপিডি ও কেমো থেরাপির ব্যবস্থা রাখা হয়েছে। রেডিয়োথেরাপি বিভাগীয় প্রধান ডাঃ সৌমিতা পোদ্দার জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার প্রধান তিনটি ধাপ— সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। এর মধ্যে সার্জারি ও কেমো পুরোদমে চলছে এবং রেডিয়েশন পরিষেবাও খুব দ্রুত শুরু হতে চলেছে।
এখন থেকে স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ থেকে শুরু করে সব ধরণের উন্নত চিকিৎসা মিলবে এই হাসপাতালেই। এই পরিষেবার ফলে বিশেষ করে দুস্থ পরিবারগুলি যাতায়াতের খরচ ও দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।