জটিল রোগে ভুগছেন ট্রাম্প, কী হয়েছে মার্কিন প্রেসিডেন্টের? অবশেষে খোলসা করল হোয়াইট হাউস

৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিরার দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি ট্রাম্পের হাতে একাধিক কাটা দাগের ছবি ভাইরাল হওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে উঠলে হোয়াইট হাউস অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “ডোনাল্ড ট্রাম্প শিরার একটি জটিল রোগে ভুগছেন। তাঁর শরীরের একাধিক শিরা সঠিক ভাবে কাজ করছে না, ফলে পর্যাপ্ত রক্ত পৌঁছচ্ছে না।” জানা গেছে, সম্প্রতি গোড়ালি ফুলে যাওয়ার কারণে প্রেসিডেন্টকে ডাক্তার দেখাতে হয়েছিল। এরপরই বিভিন্ন টেস্টে তার এই রোগ ধরা পড়ে। লেভিট আরও বলেন, চিকিৎসকেরা প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ (Chronic Venous Insufficiency) নামের একটি সমস্যা শনাক্ত করেছেন। এই রোগে শিরার ক্ষতির কারণে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। সাধারণত ৭০ বছরের বেশি বয়সিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
হোয়াইট হাউস আশ্বাস দিয়েছে যে, ট্রাম্পের হার্ট, কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে এবং গুরুতর অসুস্থতার কোনো লক্ষণ নেই। হাতে লাল লাল দাগ প্রসঙ্গে ক্যারোলিন লেভিট বলেন, “একাধিক ব্যক্তির সঙ্গে ঘন ঘন হ্যান্ডশেক করার পর ডোনাল্ড ট্রাম্পের হাতের একাধিক টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই এই দাগ।” তিনি আরও জানান যে, হৃদরোগ প্রতিরোধের চিকিৎসা হিসেবে ট্রাম্প অ্যাসপিরিন ব্যবহার করছেন। সংবাদমাধ্যমের সামনে জল্পনা দূর করতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি চিকিৎসকের বার্তাও পড়ে শোনান। ক্যারোলিন লেভিট নিশ্চিত করেন যে ট্রাম্পের অবস্থা গুরুতর নয় এবং চিকিৎসা প্রক্রিয়া চলার কারণে মার্কিন প্রেসিডেন্ট কোনো অস্বস্তিও বোধ করছেন না। চলতি মাসের শুরুতে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের ফোলা পা সকলের নজর কেড়েছিল। পাশাপাশি বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে তার সাক্ষাতের সময় হাতে লাল লাল দাগ দেখা গিয়েছিল।
ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও বাইডেন ট্রাম্পের চেয়ে তিন বছরের বড় ছিলেন এবং পরে তিনি দলীয় চাপের মুখে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসের হাতে দায়িত্ব তুলে দেন। সেই নির্বাচনে ট্রাম্প শেষ পর্যন্ত জয়ী হন। অতীতেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। ২০১৫ সালে যখন তাঁর ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন এক চিঠিতে দাবি করেছিলেন যে ট্রাম্প হচ্ছেন মার্কিন ইতিহাসের সবচেয়ে সুস্থ প্রেসিডেন্ট। পরবর্তীতে বর্নস্টেইন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেন, চিঠির বর্ণনাগুলো আসলে ট্রাম্প নিজেই লিখে দিয়েছিলেন।