ছাত্রাবাস নাকি মৃত্যুর ফাঁদ? চোখের পলকে ধূলিসাৎ বহুতল, ভাইরাল CCTV ফুটেজ

দিল্লির সত্য নিকেতন এলাকায় বহুতল মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় সামনে এল এক রোমহর্ষক সিসিটিভি ফুটেজ। গত রবিবার দুপুরে যখন ‘Hostel Daze’ নামের ওই পাঁচতলা ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ঠিক তার আগের মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির ঠিক নিচেই একটি ভ্যানে ছাতা টাঙিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন এক বিক্রেতা। ঘটনার ঠিক এক সেকেন্ড আগে কিছু একটা আওয়াজ পেয়ে ওপরের দিকে তাকান তিনি এবং মুহূর্তের মধ্যে কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন। চোখের পলকে তাঁর ভ্যানটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় এবং চারপাশ ধুলোয় ঢেকে যায়।
দিল্লিতে লাগাতার বৃষ্টির জেরে এমনিতেই জনজীবন বিপর্যস্ত, তার ওপর এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি এই এলাকায় বহু পুরনো জরাজীর্ণ বাড়িকে নিয়মবহির্ভূতভাবে পিজি (PG) বা হস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের মতে, ভবনগুলির বেশিরভাগেরই কোনো সাইনবোর্ড বা উপযুক্ত অগ্নি ও পরিকাঠামো নিরাপত্তা ছিল না।
ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। পলাতক বাড়ির মালিক হরিরাম বনসলের খোঁজে দিল্লি ও গুরুগ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার সকালেও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে এই দুর্ঘটনার পর আশপাশের অন্যান্য পেয়িং গেস্ট হাউসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, যার জেরে আতঙ্কিত হয়ে বহু পড়ুয়া হস্টেল ছেড়ে বেরিয়ে গেছেন।