“রিল, মিম আর লক্ষ ভিউয়েই ভোটের ভাগ্য বদল!”-২০২৭-এর নির্বাচনে সব রাজনৈতিক দলের গোপন অস্ত্র কারা?

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে তরুণ প্রজন্মের বা জেন জ়ি (Gen Z)-র বিক্ষোভ এবং নতুন রাজনৈতিক সমীকরণের জেরে কোণঠাসা শাসক ও বিরোধী—উভয় পক্ষই। ২০২৭ সালে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাট ও হিমাচল প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই ভোটযুদ্ধের বৈতরণী পার হতে প্রথাগত জনসভার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখছে রাজনৈতিক দলগুলি।
সূত্রের খবর, কংগ্রেস, বিজেপি এবং আম আদমি পার্টি (আপ)—তিন প্রধান দলই ১০ থেকে ৫০ হাজার ফলোয়ার্স রয়েছে এমন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার তোড়জোড় শুরু করে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, একটিমাত্র ভাইরাল রিল, ভিডিয়ো বা মিম রাতারাতি ভোটারদের মানসিকতা বদলে দিতে পারে। আর সেই তত্ত্বকে মাথায় রেখেই সাজানো হচ্ছে নির্বাচনী ছক।
সবচেয়ে বড় অঙ্কের প্যাকেজ অফার করে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রুখতে চাইছে বিজেপি। অন্যদিকে, হিমাচল প্রদেশে ক্ষমতা রক্ষা এবং উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে নিজেদের অবস্থান শক্ত করতে প্রভাবশালী ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মাসিক ৫ থেকে ৭ লক্ষ টাকার চুক্তির পথে হাঁটছে কংগ্রেসও। ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), ফেসবুক এবং ইউটিউবের পাশাপাশি হোয়াটসঅ্যাপকেও প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, ক্রিয়েটরদের তৈরি কোনো কনটেন্টে এক লক্ষের বেশি ভিউ হলে মোটা অঙ্কের ইনসেন্টিভ বা বোনাসের ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রথাগত প্রচারের বাইরে বেরিয়ে রিল ও মিমের জাদুতে শেষ পর্যন্ত কোন দলের ভাগ্যের শিকে ছেঁড়ে, এখন সেটাই দেখার।